জিয়াউল হক জিয়াঃ বসুন্ধরা কিংস বিএফএসএফ অ-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে সিলেটের এমকে গ্যালাকটিকো।
নতুন প্রতিভার অন্বেষণে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার ফোরাম (বিএফএসএফ) আয়োজিত বয়সভিত্তিক একাডেমি কাপে সারা দেশ থেকে মোট ১২টি একাডেমিক দল অংশ গ্রহণ করে।
এতে গ্যালাকটিকোর হয়ে সিলেটের কিশোর ফুটবলাররা অংশ নেয়। ফাইনালে সিলেটের দলটি হেরেছে যশোরের শামস-উল-হুদা এফএ’র কাছে।
তবে প্রতিপক্ষ ছেড়ে কথা বলেনি সিলেটের কিশোররা। লড়াই করেছে সমান তালে। ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারের সাডেন ডেথে।
শুক্রবার বিকেলে আয়োজিত ফাইনালে সিলেট ও যশোর মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।
টাইব্রেকারের সাডেন ডেথে শামসুল হুদা এফএ ৭-৬ গোলে হারায় সিলেটের এমকে গ্যালাকটিকোকে।
ম্যাচ শেষে এমকে গ্যালাকটিকো তাদের বার্তায় বলেন, আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত তারা টুর্নামেন্টের মধ্য দিয়ে অনেক আবেগ এবং হৃদয় নিয়ে খেলে ফাইনালে পৌঁছেছিল।
পেনাল্টি শুট আউটে আপনার কিছুটা ভাগ্যের প্রয়োজন। আমাদের পারফরম্যান্স অনেকের হৃদয় এবং শুভেচ্ছাকে জিতেছে এবং আমাদের সমস্ত ছেলেদের অনু-১৬ পাইওনিয়ারের লীগে খেলতে বাছাই করা হয়েছে, এটিই সাফল্য যা এগিয়ে চলছে, যা সিলেট এবং গ্যালাকটিকোদের গর্বিত করছে।
আমাদের লক্ষ্য ছিল ছেলেদের জাতীয় পর্যায়ে তাদের প্রতিভা দেখানোর সুযোগ করে দেওয়া।”
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কিশোদের এই একাডেমি কাপের পৃষ্ঠপোষক বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আালমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের সদস্য ফজলুর রহমান বাবুল, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হসান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখ গোলাম আকবর ও ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়ের প্রমুখ।
টুর্ণামেন্টের সেরা গোলরক্ষক পুরস্কারের পাশাপাশি ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন যশোরের স্বপ্ন সর্দার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সিলেটের হাসান। সর্বোচ্চ ৫টি গোল করে গোল দাতা পুরস্কার পান ফেনী এফএর রাফেত। ফেয়ারর প্লে ট্রফি লাভ করে কিশোরগঞ্জের ভুইয়া এফএ।













