স্পোর্টস ডেস্কঃ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশের মতো তারাও অপরাজিত থেকে নিশ্চিত করে ফাইনালের টিকিট।
কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে যুবা টাইগারদের কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট খোয়ায় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। আর প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টাইগারদের এমন জয় সহজে মেনে নিতে পারেনি মাঠে উপস্থিত ভারতীয় সমর্থকরা। তাই তো বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য করে মাঠে বোতল ছুড়ে মারে। বিষয়টি ফুটে ওঠে আইসিসির এক ভিডিও ফুটেজে।
ফুটেজে দেখা যায়, ভারতীয়দের ছুড়া বোতল এক পাশে ঝড়ো করছে ছুড়ে যুব টাইগাররা। এতে বেশ প্রশংসা কুড়ায় আকবর আলীর দল।
আইসিসি তাদের ওই ভিডিওর ক্যাপশন দিয়েছে ‘সত্যিকারের চ্যাম্পিয়ন’। আইসিসি ক্যাপশনে আরও লেখে, ‘জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়রা মাঠে পড়ে থাকা বোতলগুলো সরিয়ে রাখছে।’
এর আগে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭৭ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ৩ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা নির্বাচিত হন টাইগার অধিনায়ক আকবর আলী।














