আইসিসির কোনো বৈশ্বিক আসরে এত বড় সাফল্য এর আগে ধরা দেয়নি বাংলাদেশের। পারেননি মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশাররা। তবে করে দেখালেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়রা।
আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশ কখনই ফাইনালে উঠতে পারেনি। সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল।
২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। বিশ্বকাপে এখন পর্যন্ত টাইগারদের সেটাই সবচেয়ে বড় সাফল্য।
আইসিসির আরেক ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরটিই ছিল আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।
যুব বিশ্বকাপেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শেষ চার থেকে ছিটকে পড়ে যুবারা। এতদিন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।
আজ (বৃহস্পতিবার) আকবর আলীর দল সব কিছুকে পেছনে ফেলে দিল। প্রথমবারের মতো নাম লেখাল যুব বিশ্বকাপের ফাইনালে। বৈশ্বিক কোনো টুর্নামেন্টে এর আগে ফাইনালে খেলতে পারেননি মাশরাফি, সাকিব, বাশার, বুলবুলরা। আকবর আলী, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলামরা পারলেন।
এখন সামনে নিজেদেরই ছাড়িয়ে যাওয়ার লড়াই আকবর-জয়দের। রোববার ফাইনালে প্রতিপক্ষ ভারত। যে ভারতের কাছে মাস কয়েক আগে এশিয়া কাপের ফাইনালে একটুর জন্য হেরে যায় যুবারা। এবার আরও বড় মঞ্চে কি সেই প্রতিশোধটা নিতে পারবে তারা? পারবে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশকে শিরোপা জয়ের আনন্দে মাতাতে?