সিলেটউইটনেস: স্কুলের ভলিবল প্রতিযোগিতা শুরুর মূহুর্তে বাদ দেয়া হলো এক মুসলিম শিক্ষার্থীকে। কারণ সে মাথায় হিজাব পড়েছিল। মার্কিন সংবাদমাধ্যম হাফপোস্ট জানায়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের ভেলর কলেজিয়েট একাডেমিতে এই ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে জানানো হয়, এমন ন্যাক্কারজনক ঘটনার শিকার নাজাহ আকিল বিদ্যালয়টির নবম গ্রেডের শিক্ষার্থী। খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে রেফারি এসে নাজাহ ও তার সহকারী কোচকে বলেন, শিক্ষার্থীর হিজাব ন্যাশনাল ফেডারেশন অব স্টেট স্কুল এসোসিয়েশন-এর নীতি লঙ্ঘন করছে। হিজাব পরিধান করে খেলতে বিশেষ অনুমোদন লাগবে।
বিষয়টি জানা ছিল না নাজাহ ও তার কোচের। নিয়মের এমন কঠোর প্রয়োগের ফলে নাজাহ কান্না করে বলেন, ‘আমি এ জন্য কাঁদছি না যে আমি কষ্ট পেয়েছি। বরং আমি কাঁদছি, কারণ আমি বাকরুদ্ধ। আমি এটাকে অন্যায় বলে মনে করি।’
স্কুলের ভলিবল প্রতিযোগিতা দেখার জন্য সেখানে উপস্থিত ছিলেন নাজাহের মা আলিয়া। তিনি বলেন, আমার বাচ্চা কাঁদছে। কারণ সে এমন সিদ্ধান্তে মর্মাহত হয়েছে। এটি পুরোপুরি অন্যায়। ওর সঙ্গে ধর্মের কারণে এমনটি করা হলো। হিজাবের কারণে এমন আচরণ করা হলো।’














