নিউজ ডেস্কঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ট্রাকচাপায় আতাউর রহমান (১৫) নামের বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। আতাউর স্থানীয় লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের ইসমাইল আলীর পুত্র ও লামাকাজী বাজারস্থ সালমা এন্টার প্রাইজের কর্মচারী বলে জানা গেছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, আতাউর রহমান সিলেট সদর উপজেলার মোল্লাগাঁও গ্রামে দোকানের মালামাল পার্সেল করে বাইসাইকেলে ফিরছিল। আতাউর লামাকাজী পয়েন্টে পৌছামাত্র পিছন দিক থেকে একটি সিএনজি অটোরিকশা তাকে প্রথমে ধাক্কা দেয়। এতে সে তার বাইসাইকেল থেকে সড়কের উপর পড়ে যায়।
তখন সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ২০-২৩২৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় আতাউর। এসময় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।














