সিলেটউইটনেস (জিয়াউল হক জিয়া):: কুষ্টিয়ার মেহেরপুরে পৌঁছেগেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। একদিন হাতে রেখে বৃহস্পতিবার ভোরে পৌঁছেছে দলটি। শুক্র ও শনিবার দুটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলবে তারা। দলের সাথে যোগ দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনও।
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এটি ২৮ ও ২৯তম ফ্রেন্ডলি ম্যাচ। সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাটের এই দলটি ইতিমধ্যে স্থানীয় ফুটবলে বেশ সাড়া ফেলেছে। মাঠে দর্শক টানতে সক্ষম হয়েছে তারা। অনুষ্ঠিত ম্যাচগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করাগেছে।
কুষ্টিয়ার জাহানারা ল্যাব এন্ড নার্সিং হোমের ব্যবস্থাপক ডাক্তার মেহেদী হাসান লিটনের আমন্ত্রণে আমঝুপি পাবলিক ক্লাব দলের মুখোমুখি হবে ব্যারিস্টার সুমন একাডেমি। শনিবার শেখ রাসেল ক্রিড়া চক্র চুয়াডাঙ্গা দলের সাথে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। স্থানীয় আমঝুপি হাইস্কুল সংলগ্ন মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে বিকাল ৩ঘটিকায়।













