স্পোর্টস ডেস্ক:: করোনাভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে। কিন্তুু এর মধ্যেও খেলাধুলা করছেন সিলেটের একটি এলাকার যুবকরা। সামাজিক দূরত্ব দূরের কথা, ফুটবল নিয়ে কাড়াকাড়ি করছেন তারা। খবরটি পৌঁছে যায় প্রশাসনের কাছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম অভিযানে গেলে পালিয়ে যান খেলোয়ড়রা।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সিলেটের সাহেবের বাজার এলাকার বড়বন গ্রামের উত্তরের মাঠে। ওই এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মাঠে খেলা হচ্ছে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মাঠে যান ভ্রাম্যমান আদালতের বিচারক। এসময় ম্যাজিস্ট্রেটকে দেখে খেলোয়াড় ও উপস্থিত জনতা সবাই দৌড়ে পালিয়ে যায়।

সবাই পালিয়ে যাওয়ার পর ভ্রাম্যমান আদালত স্থানীয় মেম্বার আনছার আলীকে খেলাধুলা বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করেন। তিনি আরো জানান, এই কয়েকদিন আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে এই সময়ে ঘরে অবস্থান করতে হবে। ঘরে থাকাটাই একমাত্র নিরাপদ জায়গা। শুধুমাত্র জরুরি কাজ ব্যতিত কোন ধরনের যানবাহন সড়কে চলাচল করতে পারবেনা।বর্তমানে সরকার করোনা ভাইরাস মোকাবেলায় জনগণের প্রাণহানী থেকে রক্ষা করতে সর্বস্থরের সরকারি কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। দেশবাসীকে নিরাপদ রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ। এয়ারপোর্ট থানার এসআই মো. খাইরুল বাশারসহ একদল পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।