নিউজ ডেস্কঃ
‘মরিলে কান্দিস না আমার দায়রে যাদুধন’, ‘সিলেট পরথম আজান ধ্বনি বাবায় দিয়াছে’, ‘প্রাণ কান্দে মন কান্দেরে’, ‘প্রেমের মরা জলে ডুবে না’- এরকম অসংখ্য গানের স্রষ্টা মরমি কবি, গীতিকার ও সাংবাদিক গিয়াসউদ্দিন আহমদ।

অসংখ্য বাউল আর মরমি কবির উর্বর ভূমি সুনামগঞ্জের ছাতক উপজেলার শিবনগর গ্রামে ১৯৩৫ সালের ১৪ আগস্ট তার জন্ম। ২০০৫ সালের ১৬ এপ্রিল তিনি শেষ বিদায় নেন। প্রচারবিমুখ ওই মরমি কবিকে নিয়ে আসছে মুজিববর্ষকে সামনে রেখে মরমি কবি গিয়াসউদ্দিন আহমদ লোক উৎসব করছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার ১৮ফেব্রুয়ারি ২০২০ ছাতকের গোবিন্দগঞ্জের বালুর মাঠে এই উৎসব হবে। লোক উৎসব চিরস্মরণীয় করে রাখতে উদ্যোক্তারা নিয়েছেন নানা উদ্যোগ। উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের খ্যাতনামা ও সুপরিচিত শিল্পী, গবেষক এবং বিশিষ্টজনদের। দেশ স্বাধীনের ৪৯ বছর পর এই প্রথম ছাতকের গোবিন্দগঞ্জে এ ধরনের লোক উৎসব হচ্ছে বলে জানিয়েছেন উদযাপন পর্ষদের আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী বকুল। তিনি জানান, উৎসবকে সামনে রেখে এলাকার মানুষের মধ্যে অন্য ধরনের আবেগ ও উৎসাহ দেখা দিয়েছে।

বিকেলে লোক উৎসবের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাশ। উদ্বোধনের পর থাকছে গিয়াসউদ্দিনের গান নিয়ে স্থানীয় শিল্পীদের পরিবেশনা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে কবি গিয়াসউদ্দিন আহমদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। এতে বাংলা একাডেমির সহকারী পরিচালক ড. সাইমন জাকারিয়াসহ বিশিষ্টজন অংশ নেবেন।

রাতে গিয়াসউদ্দিন আহমদের নির্বাচিত গানের মোড়ক উন্মোচন ছাড়াও থাকবে আমন্ত্রিত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান। এতে মেহের আফরোজ শাওন, সেলিম চৌধুরী, কৃঞ্চকলি, আশিক, আকরামুল ইসলাম, হিমাংশু বিশ্বাস, জামাল উদ্দিন হাসান বান্নাসহ বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী ও বাউল অংশ নেবেন।