সিলেটউইটনেস জিয়াউল হক জিয়া::
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ফুটবলে রানারআপ হয়েছে সিলেট জেলা। একদিন এগিয়ে নিয়ে আসা ফাইনাল খেলাটি বিকেলে কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ২-০গোলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর্মি।

খেলার ৪মিনিটেই এগিয়ে গিয়েছিল সিলেট। তবে সেটি ফাউল বিধিতে বাতিল করেন রেফারি। প্রথমার্ধের ২০মিনিটের সময় বাংলাদেশ আর্মিকে গোল এনে দেন ইমন। দ্বিতীয়ার্ধে আক্রমনাত্মক খেলেও গোল পরিশোধ করতে পারেনি সিলেট। সুযোগগুলো বার বার নষ্ট হয়েছে তাদের। ম্যাচে পেনাল্টির অবস্থাও তৈরি হয়েছিল যদিও রেফারি সাড়া দেননি। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ইনজুরি টাইমে সঞ্চয়ের কাছ থেকে। গ্রুপ পর্বে অবশ্য এই দলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল সিলেট দল। গ্রুপ পর্বে সিলেট দল অপরাজিত ছিল।

সিলেট দলের কোচ — জাহান ই আলম নুরী রাহেল বলেন, “রেফারির কিছু কিছু সিদ্ধান্তে আমরা খুশি হতে পারিনি, পুরো ম্যাচে স্বাভাবিকতা যেন হারিয়ে গিয়েছিল। ছেলেরা বিভিন্ন সিদ্ধান্তে হতাশ হয়েছে। খেলা শুরুতে আমাদের গোলটা বাতিল করা হয়েছে তবে এটাও সত্যি যে, পরে অনেক সুযোগ পেয়েছে যা কাজে লাগাতে পারেনি। খেলার মাঠে এমনটি হতে পারে, অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। পুরো টুর্ণামেন্টে আমাদের পারফরম্যান্স ভাল ছিল বলেই আমরা ফাইনাল খেলেছি। বাংলাদেশ গেমসে রানারআপ হওয়া কম কিসে”।

“বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০” এ দুটি গ্রুপে খেলা হয়েছে। গ্রুপ এ’তে ছিল বাংলাদেশ আর্মি, সিলেট, খুলনা, নেত্রকোনা এবং পাবনা। গ্রুপ বি’তে ছিল রংপুর, কুমিল্লা, কক্সবাজার, সাতক্ষীরা এবং বিকেএসপি। টুর্ণামেন্টে তৃতীয় স্থান লাভ করে বিকেএসপি। তারা ৮-০গোলে হারায় সাতক্ষীরা দলকে।