জিয়াউল হক জিয়া (সিলেট উইটনেস):: বাংলাদেশের ফুটবলে হারানো সোনালি দিন ফেরাতে মরিয়া জেমি ডে অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালার মত! তলানিতে চলে আসা এ দেশের ফুটবলকে আলোকবর্তিকা দেখাচ্ছেন ইংলিশ বংশোদ্ভুত জেমি। আর্সেনালের সাবেক ট্রেনারের হাত ধরে নতুন সম্ভাবনার পথে হাঁটছে তারুণ্য নির্ভর দেশের ফুটবল।
২০১৬ সালে ভুটানের কাছে হারের পর ফুটবলপ্রেমীরা সমালোচনায় জর্জরিত করেছিলেন ফুটবল অঙ্গনকে। বলেছিলেন, বাংলাদেশের ফুটবলের কফিনে শেষ পেরেক ঠুঁকে দিয়েছে পর্বতবেষ্টিত দেশ ভুটান। কিন্তু হাল ছাড়েনি বাফুফে। একের পর এক নিয়োগ দিয়েছে দেশি ও বিদেশি কোচ। তারই ধারাবাহিকতায় গত বছর নিয়োগ পান জেমি ডে। নিজের পরিকল্পনামত কাজও করছেন তিনি তার ফলও পেতে শুরু করেছে বাংলাদেশ।

২০১৯ চলতি বছরে অনুষ্ঠিত হওয়া ৮টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ফলাফল হচ্ছে ৪টিতে জয়, ২টি ড্র, ২টি পরাজয়। ৯টি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষান্তরে ৫টি গোল হজম করেছে। জেমি ডে হাত ধরে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াচ্ছে বাংলার টাইগাররা।
ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকার দ্য গার্ডিয়ানকে কোচ জেমি বলেছেন তার স্বপ্নের কথা, ‘দেশটিতে ক্রিকেটই মূল খেলা। এখানকার লোকেরা ক্রিকেট ভালোবাসেন। কিন্তু আমি মনে করি ফুটবলের সুযোগ আছে ক্রিকেটকে পেছনে ফেলার।’ তিনি আরও বলেন, ‘অবশ্য এটাও সত্যি, বাংলাদেশের জনগণ ফুটবল ভালোবাসে। যদিও সাফল্য নেই সেখানে। টি-২০ ম্যাচে দেখেছি ২০-৩০ হাজার লোক খেলা দেখেন। ফুটবলেও ৩০-৪০ হাজার লোক খেলা দেখেন।’













