এবারের বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েও ম্যাচ নিজেদের হাতের মুঠোয় রাখতে পারলো না আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহীমের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে স্রেফ উড়ে গেলো রাজশাহী। ১৯০ রানের বিশাল লক্স্য তাড়া করে খুলনা টাইগার্স জিতে গেলো ৫ উইকেটের বড় ব্যবধানে। হাতে বল বাকি ছিল ২টি।
শোয়েব মালিকের ৮৭ রানের বড় স্কোরের ওপর ভর করে এবারের বঙ্গবন্ধু বিপিএলের সবচেয়ে সেরা স্কোর গড়েছিল রাজশাহী রয়্যালস। অনেকেই হয়তো তখন ধরে নিয়েছিলেন, এই ম্যাচে নিশ্চিত হারতে বসেছে খুলনা টাইগার্স।
কিন্তু খুলনার অধিনায়ক যখন সবচেয়ে বেশি দৃঢ়চেতা হন এবং ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন, তখন অন্য কোনো অনুপ্রেরণার প্রয়োজন পড়ে না। ৫১ বলে অনবদ্য ৯৬ রানের ইনিংস খেলে তাই তিনি দলকে জয় উপহার দেন।
তবে মুশফিকের জন্য আফসোস। ছক্কা মেরে নিজের সেঞ্চুরি এবং দলের জয় দুটাই উদযাপন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু রবি বোপারার বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে শোয়েব মালিকের হাতে তালুবন্দী হয়ে সেঞ্চুরিটা আর করা হলো না তার। মাত্র ৪ রান দুরে থাকতে ফিরে যেতে হয়েছে মুশফিককে।














