সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে দুর্বৃত্তরা ফোন করে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২১৯০) দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে শাহাব উদ্দিন শিহাব বলেন, মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইলে শনিবার সকাল ১০টার দিকে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দুটি নম্বর থেকে কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়র আরিফের জনসংযোগ কর্মকর্তা। পুলিশ বিষযটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।