করোনাভাইরাসের লকডাউনের পর শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত খেলছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তার জাদুকরী পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
কিন্তু ফাইনাল ম্যাচে ঠিক নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেনি ফ্রেঞ্চ ক্লাবটি। নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেরা যেমন গোলের সুযোগ তৈরি করেছেন একের পর এক, তেমনি বসিয়েছিলেন গোল মিসের মহড়া। যে কারণে শেষপর্যন্ত ০-১ ব্যবধানে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছে তারা।
ফাইনালে হারের পর মাঠে দাঁড়িয়ে ও ডাগআউটে বসে কাঁদতে দেখা গেছে নেইমারকে। এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্সআপ মেডেল নেয়ার সময়েও চ্যাম্পিয়নস লিগের সম্মানজনক ট্রফিটি একবার ছুঁয়ে দেখেছেন নেইমার। এত কাছে গিয়েও শিরোপা জিততে না পারার বেদনায় পুড়ছিলেন তিনি।
তবু পেশাদার খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষ দলকে যথাযথ সম্মান ও অভিনন্দন জানাতে ভোলেননি ২৮ বছর বয়সী এ তারকা ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বায়ার্নকে। কিন্তু এক্ষেত্রে করে ফেলেছেন অদ্ভুত এক ভুল। বায়ার্ন মিউনিখের বদলে তিনি অভিনন্দন জানিয়ে বসেছেন আরেক জার্মান ক্লাব বেয়ার লেবারকুসেনকে।
নিজের টুইটার প্রোফাইলে নেইমার লিখেছেন, ‘ম্যাচে হেরে যাওয়াও খেলারই অংশ। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, খেলার শেষ পর্যন্ত লড়াই করেছি। সমর্থন ও ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বেয়ারকে অভিনন্দন।’
Perder faz parte do esporte, tentamos de tudo, lutamos até o final. Obrigado pelo apoio e carinho de cada um de PARABÉNS ao BAYER
— Neymar Jr (@neymarjr) August 23, 2020
নেইমারের এই টুইট নিয়ে মজা করতে ছাড়েনি বেয়ার লেবারকুসেনও। ক্লাবটির টুইটার প্রোফাইল থেকে রিটুইট করে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক কী কারণে নেইমার তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
রিটুইট করে বেয়ার লেবারকুসেনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ধন্যবাদ নেইমার জুনিয়র। তবে আমি জানি না কেনো আমাকে অভিনন্দন জানিয়েছো। আমি এখন ফিফা (গেমস) খেলার ছুটিতে আছি। তবু তোমাকে ধন্যবাদ।’