সিলেটউইটনেস ডেস্ক (জিয়াউল হক জিয়া)::
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। টুর্ণামেন্টটির উদ্বোধন করেন হাজী স্বপন মিয়া। স্থানীয় নরসিংপুর ঘিলাছড়া হাইস্কুল ও কলেজ মাঠে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে দুই জেলার দুই দল, সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার পাড়ুয়া তরুণ সংঘ এবং স্বাগতিক সুনামগঞ্জ জেলা নরসিংপুর ইউনিয়ন ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে দেখা মিলেছে দুটি গোলের তবে শেষ হাসি হেসেছে পাড়ুয়া দল।

খেলার প্রথমার্ধ থাকে গোল শূন্য। নিজের ঘর গুছিয়ে বিক্ষিপ্ত দুই একটি আক্রমণ দেখা গেলেও প্রথমে গোল পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধে ফুটবলটা যেন ফুটবলের মত ফুটে উঠেছিল। কর্ণার কিক থেকে মাথা লাগিয়ে প্রথমে গোল করেন পাড়ুয়া দলের ডিফেন্ডার ইয়ামিন আলভী। গোলের পর খেলার গতি যেন ভিন্ন রুপ ধারণ করে। আক্রমণের পর আক্রমণে মেতে উঠে দুই দলই। মাঠে আসা হাজার দশেক দর্শকের ফুটবলিয় উম্মাদনা তখন জমে উঠে যখন মামুনের শুট ক্রসবারে লেগে ফিরতি বলে হিমেল টোকা দিয়ে জালে পাঠায়। যারফলে ম্যাচে আসে ১-১ গোলের সমতা।

শেষ অবধি খেলাটি গড়ায় টাইব্রেকারে। প্রথম ৫টি করে নেয়া কিকেই ফলাফল চলে আসে। ৪-৩ ব্যবধানে জয় পেয়ে যায় পাড়ুয়া দল।

খেলা শেষে শাহেদ আহমদের পক্ষ থেকে উদ্বোধনী পুরস্কার টিভি তুলে দেন অতিবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, পুরস্কারদাতা সাদমান মাহমুদ সামি, সাবেক চেয়ারম্যান শামসুল হক নমু, হাজী ইসহাক মিয়া, জনাব ফজলুর রহমান, জনাব আলতাফুর রহমান খসরু, শিক্ষক ওয়ারিছ আলী, আলমাছ আলী, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুর রউফ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন রেফারি শিহাব উদ্দিন। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, পাবেল আহমদ ও রশিদ মিয়া।

টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে একটি মোটর সাইকেল ও রানারআপ দল পাবে একটি রেফ্রিজারেটর।