সাভারের আশুলিয়ায় একটি কলেজের ছাত্রীদের ফেসবুক আইডি হ্যাক করে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। অন্যথায় তাদের ফেসবুক আইডিতে অশ্লীল ছবি প্রকাশ, ম্যাসেঞ্জারের মাধ্যমে অশ্লীল ভাষায় গালিগালাজসহ আপত্তিজনক বিভিন্ন হুমকি দিয়েছে তারা। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ভুক্তভোগী।
পুলিশ জানিয়েছে, সোম (২১ অক্টোবর) ও মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে তাদের আইডিগুলো হ্যাক করে অনবরত অশ্লীল কথাবার্তাসহ টাকা দাবি করেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে ভুক্তভোগীরা জানান, তারা আশুলিয়ার বাইপাইল ও বগাবাড়ি এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়েন। তাদের ক্লাসের বেশ কয়েকজন ছাত্রীর ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি করেছে দুর্বৃত্তরা। না দিলেই হ্যাকাররা আইডিগুলোতে আপত্তিজনক কথাবার্তা, অশ্লীল ভাষায় গালিগালাজ, অনৈতিক দাবি এবং অশ্লীল ছবি ছাড়াসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্নের হুমকি দিচ্ছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইডি হ্যাক হওয়া এক কলেজছাত্রী জিডি করেছেন। হ্যাক হওয়া আইডি উদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনায় কলেজের ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।













