সিলেটউইটনেস ডেস্ক::
রোগীকে না দেখেই প্রায় ৭৫ হাজার টাকা বিল দেওয়ার অভিযোগ উঠেছে সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালের বিরুদ্ধে। রোগীর অবস্থার অবনতি হলে তারা ঢাকায় নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতে লম্বা এই বিলটি ধরিয়ে দেয়। এতে চরম হতাশ রোগীর আত্মীয়রা সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষন করেছেন।

জানা যায়, কিডনীজনিত রোগে ভোগা ওসমানীনগরের ইলাশপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার গুলাব মিয়ার স্ত্রী নাসিমা আক্তার চৌধুরীকে গত বৃহস্পতিবার একজন ডাক্তারের রেফারেন্সে ভর্তি করা হয়। রোগীর অবস্থা খারাপ জেনেও দুইদিনে কোন ডাক্তার এসে দেখেন নি। নার্সদের দিয়ে দুইদিন ধরে রাখা হয়েছিল রোগীকে। উপায়ান্তর না দেখে উন্নত চিকিতসার জন্য যখন ঢাকায় নিয়ে যেতে চাইলেন তখনই হাসপাতাল কর্তৃপক্ষ ধরিয়ে দেয় বিল। কোন ঔষধ না দিয়েই এতো বিল দেখে অবাক হন রোগীর আত্মীয়রা।


নাসিমা আক্তারের চৌধুরীর স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বলেন, গত বৃহস্পতিবার আমার স্ত্রীকে নিয়ে আসি হাসপাতালে। ডাক্তাররা না দেখেই বিল ধরিয়ে দেন ৭৫ হাজার টাকা। আমার স্ত্রীর অবস্থা এখন ভালো নয়। এমন অবস্থায় আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, রোগী নাসিমা আক্তার চৌধুরী আমার বেয়াইন। আমরা অসহায় হয়ে আজ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। দেশে এই মহামারির সময় করোনায় নয় অন্যান্য রোগে মানুষ বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

নাসিমা আক্তার চৌধুরীর মেয়ের জামাই কামরুল ইসলাম মিডিয়াকে বলেন, ডাক্তারের সাথে কথা বলেই আমরা এখানে আমার শাশুড়িকে নিয়ে এসেছিলাম। কিন্তু গত দুইদিনে কোন ডাক্তার তো দেখেননি। আজ উনার শারীরিক অবস্থার অবনতি হলে আমরা যখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এম্বুলেন্স ডাকলাম তখনই কর্তৃপক্ষ হাতে বিল ধরিয়ে দেন প্রায় ৭৫ হাজার টাকা।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান।