জিয়াউল হক জিয়াঃ বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) সিলেট বিভাগীয় পর্যায়ের খেলা সমাপ্ত হয়েছে। ৩০সেপ্টেম্বর সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বালকে চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ আর বালিকায় সিলেট জেলা।
সিলেট ও সুনামগঞ্জ মধ্যকার ফাইনালে দুপুরে বালিকা আর বিকেলে বালকরা মুখোমুখি হয়েছিল। সিলেট জেলা বালিকারা ৩-০গোলে জয় তুলে নেয় সুনামগঞ্জ জেলার বালিকা দলের বিপক্ষে।
এদিকে, বালকদের লড়াইটি বেশ জমেউঠে। বিজয়ী সুনামগঞ্জ দল প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায়। বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়িয়ে ম্যাচের সমতায় ফিরে সিলেট জেলা দল। পরে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। স্নায়ু চাপের খেলায় প্রথমেই পিছিয়ে পড়ে সিলেট। সুনামগঞ্জের গোলকিপারের হাতে আটকে যায় তাদের প্রথম কিক।

এই সুুযোগে এগিয়ে যায় সুনামগঞ্জ। তাদের টানা চারটি কিক খুঁজে নেয় জাল। সিলেটের ম্যাচে ফেরার পঞ্চম কিকে বল বাইরে গেলে জয় নিশ্চিত হয়ে যায় তাদের। ব্যবধান দাঁড়ায় ৪-৩ গোলের।













