স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দল বদল শুরু হয়েছে। শুরু হওয়া এই দল বদল চলবে মাস দু’এক। তবে ফুটবল পাড়ায় যে ঝড় বইছে তাতে প্রিমিয়ার লিগ ফুটবল আয়োজন নিয়ে শঙ্কা আছে। আরামবাগ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোটিং ক্লাব ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের মতো ক্লাবগুলো ক্যাসিনো ঝড়ে ক্ষত-বিক্ষত।
প্রিমিয়ার লিগের দল বদল শুরু হলেও গুরুত্বপূর্ণ এই তিনটি ক্লাব দল বদলে অংশ নিবে কিনা তা নিয়ে সংশয়ে আছে। ক্লাব কর্তাদের অবৈধ থাবায় ক্ষত-বিক্ষত ক্লাবগুলোর সাজানো গুছানো সংসার ভেঙ্গে যাচ্ছে। প্রিমিয়ার লিগকে সামনে রেখে দল ছেড়ে চলে যাচ্ছেন ফুটবলাররা।
যারা খেলার জন্য টাকা নিয়ে ছিলেন, তাদের অনেকেই এখন চেক ফিরিয়ে দিচ্ছেন। আবার কর্তারা পলাতক থাকায়, দল গঠনও থেমে আছে এসব ক্লাবগুলোর। গত মৌসুম শেষেই আরামবাগ ঘোষণা দিয়ে ছিলো আগামি মৌসুমে তারা ভালো দল গঠন করবে। এজন্য বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে চুক্তিও করে ছিলো তারা। কিছু কিছু খেলোয়াড়কে অগ্রীম টাকাও দিয়ে ছিলো। কিন্তুু তাদের জন্য ফুটবলার টাকা ফিরিয়ে দিয়ে ফিরে গেছেন পুরনো ক্লাবে। ক্লাবটির সভাপতি মুমিনুল হক সাঈদ পলাতক আছেন। তার অবস্থান এখন দেশের বাইরে। মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন আছেন শ্রীঘরে। মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের কর্তারাও পলাতক। দেশের ফুটবলে তাই অশনি শঙ্কেত বেজে উঠছে।














