নিউজ ডেস্কঃ
সিলেটের ওসমানীনগরে রাতের আঁধারে কৃষকের প্রায় ১ হাজার রোপনকৃত টমেটো গাছ চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামারা। গত বুধবার (৯অক্টোবর) দিনগত রাত উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নেরর দাশপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, কৃষক আবুল কাসেম(৫৮) গ্রামের পশ্চিমে ক্ষেতের মাঠে ১৫শতাংশ জমিতে আগাম হাইব্রিড জাতের টমেটোর চারা রোপন করেছিলেন। অক্লান্ত পরিশ্রম আর পরিচর্যার ফলে টমেটো চারা গুলো প্রায় ১ফিট পরিমাণ উঁচু হয়েছিল, কিছুদিনের মধ্যে গাছে ফুল দেখা দিতো। বৃহস্পতিবার সকালে কৃষক কাসেম গাছ গুলো পরিচর্যার কাজে ক্ষেতে গেলে দেখতে পান তার ক্ষেতের চারা কে বা কার তুলে নিয়ে গেছে। দৃশ্যটি দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
কৃষক আবুল কাসেম জানান, তিনি একজন হার্টের রোগী। অসুখ নিয়ে অনেক কষ্ট আর দার-দেনা করে অধিক লাভের আশায় হাইব্রিড টমেটো চারা রোপন করেছিলেন।
তিনি আরো জানান, এই ক্ষেত থেকে তিনি লক্ষাধিক টাকা আয় করতে পারতেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রী করার প্রস্তূতি নিচ্ছেন বলেও তিনি জানান।
ওসমানীনগর থানার ওসি এমএম আল মামুন বলেন, কৃষকের টমেটো চারা চুরি হবার বিষয়টি জেনেছি, এব্যাপারে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।














