নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটে সাদা পোশাকে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইলেকট্রনিক মিডিয়ার ৫৬ জন সাংবাদিক।

আজ বেলা দেড়টার দিকে তারা একযোগে থানায় গিয়ে জিডি করেন।

গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারা শঙ্কিত হয়ে এই জিডি করেন। তারা অভিযোগ করে বলেন, ঐ ঘটনার পর থেকে ইমজার নেতৃবৃন্দ ও সিলেটের টেলিভিশনের সাংবাদিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনও তথ্য পাননি। তারা আরও বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও ১৯ সেপ্টেম্বর সাদা পোশাকে সিনিয়র সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে সিলেট জেলা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। সেই সাথে দুই ঘন্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথ‌মে পু‌লিশ জি‌ডি নি‌তে অস্বীকৃ‌তি জানা‌লেও প‌রে তা গ্রহণ ক‌রেন। সিলেট কোতোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সে‌লিম মিয়া জা‌নি‌য়ে‌ছেন, ‌নিরাপত্তা চে‌য়ে সাংবা‌দিকরা জি‌ডি ক‌রে‌ছেন।