নিউজ ডেস্ক :: সৌদি আরবের রিয়াদের হারা এলাকায় টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেট সদর উপজেলার কালিরগাঁও ও ফকিরের গাঁও পাইকরাজ গ্রামের প্রবাসীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুই জনের অবস্থা আশংকাজনক। এর মধ্যে আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছাদিকুর রহমান ও ইমাম উদ্দিন নামের দুই প্রবাসী।
দুজনের মধ্যে ছাদিকুর রহমান ফকিরের গাঁওয়ের খয়রুল ইসলামের পুত্র ও ইমাম উদ্দিন কালিরগাঁওয়ের হাজী নাছির উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার রাতে রিয়াদের হারাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অনেকে গুরুতর আহত হয়েছেন।
এদিকে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিদেশের এই ঘটনায় দেশের মধ্যে দুই গ্রামে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে বিদেশের এই ঘটনাকে কেন্দ্র করে দেশে আর নতুন করে কোন ঘটনার জন্ম যাতে না হয়, তার জন্য উভয় গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানিয়েছেন সালিশী নেতৃবৃন্দ।
প্রবাসে এমন অনাকাঙ্কিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশীরা।
প্রবাসীরা জানান, রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের এসকল সংঘর্ষের কারণে সৌদি নাগরিকদের কাছে এবং সরকারের কাছে সাধারণ প্রবাসীদের মানক্ষুন্ন হচ্ছে। সৌদি আরবে বসবাসরত এবং কর্মরত অন্যান্য প্রবাসীরা, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, ইত্যাদি দেশের মানুষেরা কখনোই নিজেরা কোন গ্রুপ বা সংঘর্ষে জড়ায় না। কিন্তু বাংলাদেশী প্রবাসীদের এসকল কর্মকান্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এদিকে হাটখোলা ইউনিয়নের ফকিরের গাঁও, পাইকরাজ এবং জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁওয়ের মধ্যে নতুন করে কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি যাতে না হয়, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ নজমুল হুদা খান জানান, দেশে যাতে আর কোন ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সজাগ রয়েছে। ইতিমধ্যে দুই ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করেছি। আশা করি সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায়ের সার্থে সবাই ধৈর্যের পরিচয় দেবেন।













