কেপ টাউন, ২৯ নভেম্বর – এক সময়কার দাপুটে অলরাউন্ডার জ্যাক ক্যালিস। এবার তাকে দেখা গেল ভিন্নরূপে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তাকে হাফ শেভে দেখা গেল।
এর পেছনে অবশ্য কারণও আছে। বর্তমানে ক্যালিস দক্ষিণ আফ্রিকার একটি ক্যাম্পেইনের সঙ্গে জড়িত আছেন। যার নাম ‘Save the Rhino challenge’।
দক্ষিণ আফ্রিকাতে সম্প্রতি এ ক্যাম্পেইন শুরু করেছেন তিনি। বিশ্বব্যাপী গণ্ডার বাঁচাতে এ ধরনের উদ্যোগ নিয়েছেন এ সব্যসাচী ক্রিকেটার। তাই প্রচারণা বাড়াতে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ক্যালিস। ক্যাপশনে তিনি লিখছেন ‘এ হাফ শেভ করে Save the Rhino challenge-এর জন্য এখন অবধি আমি ২৩ লাখ ৩০ হাজার ৭৯৪ টাকা পেয়েছি।’
সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার অসংখ্য ম্যাচ জয়ের নায়ক তিনি। এবার এমন ব্যতিক্রমী কাজ দিয়ে আসলেন সংবাদের শিরোনামে।