নিজস্ব ডেস্কঃ শীতকালীন শাক-সবজি ফুলকপি, পাতাকপি, মুলা, শালগম, শিম, পালংশাক, মুলাশাক, সরিষা শাকের সরবরাহ বাড়ায় সিলেটের বাজারগুলোতে কিছু কিছু সবজির দাম কমতে শুরু করেছে। ইতোমধ্যে অর্ধেকে নেমেছে শিমের দাম। পাকা টমেটোর দাম কেজিতে কমেছে ৩০ টাকার বেশি। তবে পেঁয়াজ স্বস্তি দিচ্ছে না। পেঁয়াজের কেজি এখনও ১৬০ টাকার ওপরে রয়েছে।

শুক্রবার সিলেট নগরীর টুকের বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। সামনে সরবরাহ আরও বাড়বে। ফলে সবজির দাম আরও কমবে। এদিকে কিছু সবজির দাম কমলেও এখনও টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, শসা, গাজরের দামে স্বস্তি মিলছে না। এ সবজিগুলো এখনও চড়া দামে বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম ৬০-৬৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর  পাইকারিতে শিমের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা।

টুকেরবাজারের এক ব্যবসায়ী বলেন, গত সপ্তাহে শিমের পাল্লা ৭০-৮০ টাকা ছিল। সামনে শিমের দাম আরও কমবে। কিছু দিনের মধ্যেই শিমের পাল্লা খুচরা ৫০ টাকায় চলে আসবে। বাজারটির আরও এক ব্যবসায়ী আলম বলেন, সপ্তাহের ব্যবধানে টমেটোর দাম কমেছে। এর কারণ বাজারে এখন কাঁচা টমেটোর পাশাপাশি দেশি পাকা টমেটোও আসছে। তিনি জানান, পাইকারি কেজিতে টমেটোর দাম ৬০-৬৫ টাকা করে বিক্রি হচ্ছে। এদিকে খুচরা বাজারে প্রতি কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা।

আরেক ব্যবসায়ী লালমিয়া বলেন, শিম, টমেটো, মুলা, ওল্কপির দাম কমতে শুরু করেছে। এখন দিন যত যাবে, আস্তে আস্তে সব ধরনের সবজির দাম কমবে। অনেক সবজি ৩০ টাকা কেজির মধ্যে পাওয়া যাবে।

টুকের বাজারের এক খুচরা বিক্রেতা বলেন, এখন শীতের সবজির ভরা মৌসুম। বাজারে সব ধরনের শীতের সবজি রয়েছে। স্বাভাবিকভাবেই সব ধরনের সবজির দাম কমার কথা। শিম, মুলার দাম কিছুটা কমেছে, কিন্তু যে হারে সবজির দাম কমার কথা সে হারে কমেনি। এখনও ছোট এক পিস ফুলকপি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে প্রতি কেজি পেঁয়াজ ১৬০-১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পেঁয়াজের এই দামের বিষয়ে ব্যবসায়ীরা বলেন, বাজারে এখনও চাহিদার তুলনায় পেঁয়াজ কম। শুনছি কিছুদিনের মধ্যেই নতুন পেঁয়াজ আসবে, তখন হয়তো দাম কমবে। নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই।