ক্রিড়া ডেস্ক :: সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। বুধবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সুনামগঞ্জ সদর উপজেলা ও ছাতক উপজেলা ফুটবল দল।

ম্যাচে রেফারির ‘বির্তকিত’ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ থেকে বেরিয়ে যায় ছাতক। রেফারি তাই সুনামগঞ্জ সদর উপজেলাকে বিজয়ী দল হিসেবে ঘোষণা করেন।

ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলো টানটান উত্তেজনা, দু-দলের মধ্যে চলছিলো পাল্টা আক্রমণ। কেউ কাউকেই ছাড় দিতে রাজি নয়। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারো শুরু হয় দু-দলের মধ্যে পাল্টা-পাল্টি আক্রমণ। তবে ম্যাচের ৬৭ মিনিটে রেফারির বাঁশি পড়তেই খেলা পন্ড হয়ে যায়। ছাতক উপজেলার গোলকিপার শাহানশাহ সুনামগঞ্জ সদর উপজেলার মোস্তফাকে বক্সের ভিতর ফাউল করেন। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ছাতক উপজেলা দল এর প্রতিবাদে বাক-বিতণ্ডায় জড়ায়। এসময় ছাতক উপজেলার খেলোয়াড় আব্রাহাম রেফারিকে ধাক্কা দিলে রেফারি আব্রাহামকে হলুদ কার্ড দেখান। পরবর্তীতে ছাতক উপজেলার কর্মকর্তারা রেফারির সিদ্ধান্ত অযৌক্তিক ও পক্ষপাতিত্ব দাবি করে খেলতে অস্বীকৃতি জানায়।

প্রায় আধঘন্টার মতো অপেক্ষার পরও ছাতক উপজেলা দল খেলায় ফিরে না আসায় রেফারি খেলার শেষ বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফুটবলের আইন অনুযায়ী কোন দল খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ত্যাগ করলে মাঠে উপস্থিত দলকে বিজয়ী ঘোষণা করার বিধান থাকায় সুনামগঞ্জ সদর উপজেলাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আনিসুর রহমান সাগর, সহযোগী হিসেবে ছিলেন সুব্রত বড়ুয়া, বায়েজিদ ও আতাউর রহমান। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুখোমুখি হবে বিশ্বম্ভরপুর উপজেলা।