নিউজ ডেস্কঃ দুই বিদেশি ফুটবলারের কাছ থেকে সাড়ে সাত হাজার ইয়াবা উদ্ধারের পর এ ঘটনায় আরেক বাংলাদেশি ফুটবলারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩জানুয়ারি) রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ দুই বিদেশিকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ওই বাংলাদেশিকে ধরা হয় বলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানিয়েছেন।
গ্রেপ্তার বাংলাদেশি ফুটবলার হলেন মো. মাসুদ (২৪) এবং অপর দুইজন ঘানার নাগরিক ফ্রাঙ্ক ও রিচার্ড। বিডিনিউজ
ফ্রাঙ্ক ও রিচার্ড বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ভাড়ায় ফুটবল খেলেন। আর মাসুদও বয়সভিত্তিক দলে এবং ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।
ওসি নেজাম উদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে ফ্রাঙ্ক ও রিচার্ডকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফ্রাঙ্ক ও রিচার্ড জানিয়েছে, তারা ঢাকা থেকে কক্সবাজার ফুটবল খেলতে গিয়েছিলেন। সেখানে খেলা না হওয়ায় তারা ঢাকায় ফিরছিলেন। ফেরার সময় কক্সবাজারের এক ব্যক্তি তাদের ইয়াবা ভর্তি প্যাকেটটি মাসুদকে দেয়ার জন্য দিয়েছিলেন।‘
ইয়াবার প্যাকেট দেয়া কক্সবাজারের ওই ব্যক্তির নাম-পরিচয় ‘জানতে পারলেও’ প্রকাশ করেনি পুলিশ
গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি নেজাম।
সূত্র বিডি নিউজ













