জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বেশ কয়েকজন ফুটবল সুপারস্টারকে ঢাকায় আনার যে পরিকল্পনা করেছিল, বাফুফে তা আলোর মুখ দেখতে যাচ্ছে এবার। ব্রাজিলের জার্সি গায়ে তিনটি বিশ্বকাপ খেলা গোলরক্ষক হুলিও সিজার। বাংলাদেশে আসার জন্য সিজারের নাম নির্ধারণ করে দিয়েছে ফিফা।
সিজার ঢাকায় পা রাখবেন ২২ জানুয়ারি বুধবার বিকেলে। পরের দিন বাড্ডার বেরাইদে বাফুফের অ্যাকাডেমি পরিদর্শন করবেন এবং সেখানে কিশোর গোলরক্ষকদের পরামর্শ দেবেন তিনি। আজ (শুক্রবার) বাফুফে ভবনে স্কুল ফুটবল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
এ ছাড়া বাফুফে ভবনে আসবেন। সেখানে নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। বাফুফে টার্ফে মেয়েদের অনুশীলনও দেখবেন। ঢাকা সফরকালে সিজার ধানমন্ডিতে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান প্রদার্শন করবেন। ২৪ জানুয়ারি সিজার ঢাকা ত্যাগ করবেন।
হুলিও সিজার ২০০৪ সালে ব্রাজিল জাতীয় দলে প্রথম ডাক পেয়েছিলেন। খেলেছেন ২০১৪ সাল পর্যন্ত। এর মধ্যে তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। ব্রাজিলের জার্সিতে ৮৭টি ম্যাচ খেলেছেন বিশ্বের অন্যতম সেরা এ গোলরক্ষক।














