সিলেটভিউ ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরোপয়েন্ট এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় দুই শতাদিক ব্যবসা প্রতিষ্ঠান বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের মেঘালয় পাদদেশ থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকষ্মিক এ বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা উজানের পানি নিয়ে বেশ উদ্যেগে রয়েছেন বলে জানিয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) ভোরে আকস্মিক পাহাড়ি ঢল নামে। পর্যটন খ্যাত জাফলং এর অনেক ব্যবসা-প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী ভেসে যায়। ভেসে যাওয়া পণ্যসামগ্রী ভেজা অবস্থায় উদ্ধার করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, জাফলং জিরোপয়েন্টে পর্যটন কেন্দ্র পিয়াইন নদীর তীরে অন্তত ২ শতাধিক অস্থায়ী দোকানপাট রয়েছে। এসব দোকানে মনিপুরী কাপড় থেকে শুরু করে দেশি-বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি হত। পাশাপাশি পর্যটকদের খাওয়ার জন্য খোলা হয় কয়েকটি রেস্টুরেন্ট। ঢলের পানিতে তলিয়ে গেছে ব্যবসাপ্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামিল আহমদ, ময়নুল হক ও আজির উদ্দিন বলেন, শুক্রবার দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। তাতেও ব্যবসা চালিয়েছেন তারা। এরপর রাতেও বৃষ্টিপাত হয়। কিন্তু উজানে ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের ফলে ভোরে পাহাড়ি ঢল নামে। ভেসে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের সামগ্রী।এতে নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে দোকানগুলোর মালামাল ভেসে যায়। কেউ কেউ ভেজা অবস্থায় কিছু মালামাল উদ্ধার করতে পেরেছেন।
সৌজন্য–সিলেটভিউ২৪ডটকম














