
‘ব্লাক ওক বারবিকিউ সিলেট’ রেস্টুরেন্টে ভাঙচুর: মালিকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ
সিলেটের কুমারপাড়ায় উদ্বোধনের অপেক্ষায় থাকা ‘ব্লাক ওক বারবিকিউ’ নামক একটি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল ৯ নভেম্বর স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে হামলা চালায়। রেস্টুরেন্টের মালিক জাহিদ হাসানের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে কটাক্ষ করার অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে।
জানা গেছে, রেস্টুরেন্টটির মালিক জাহিদ হাসান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন কলামে ধর্মবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ সালে তার লেখা ‘ইসলামের কালো অধ্যায়’ নামক বইয়ে ইসলামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর থেকে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তাকে বারবার সতর্ক করার পরও তিনি তার অবস্থানে অনড় ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, গত ১৯ অক্টোবর সিলেট আলিয়া মাদ্রাসায় জাহিদ হাসানকে একটি বিতর্ক সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। অভিযোগ রয়েছে, ওই বিতর্কের এক পর্যায়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করলে উপস্থিত জনতার সাথে তার হাতাহাতি হয়। এরপর থেকেই তিনি আহত হয়ে আত্মগোপনে চলে যান।
গতকাল বিকেলে একদল মাদ্রাসা শিক্ষার্থী ও ক্ষুব্ধ জনতা কুমারপাড়ায় অবস্থিত তার নতুন রেস্টুরেন্ট ‘ব্লাক ওক বারবিকিউ’-তে উপস্থিত হয়ে ভাঙচুর চালান। হামলাকারীরা রেস্টুরেন্টের মালিক জাহিদ হাসানকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং তাকে দেশ ছাড়তে হবে বলে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কুমারপাড়া এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।













