সিলেটউইটনেস ডেস্কঃ সিলেটের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা সফর করছে। সেখানে দুটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছে তারা।

সন্দ্বীপ বাসির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন স্বয়ং ব্যারিস্টার সুমন। আয়োজন আর ব্যবস্থাপনায় কোন কমতি রাখেনি তারা। সন্দ্বীপ এমপি মাহফুজুর রহমান মিতা নিজে তদারকি করেছেন। মাঠের পাশাপাশি নিজ বাসায়ও সঙ্গ দিয়েছেন পুরোটা সময়।

রাতে সৌজন্য সাক্ষাতে ডিফেন্ডার জামিলকে চিনতে ভুল করেননি তিনি। ডেকে কাছে বসান। প্রসংশা করে বলেন, আমি আপনার খেলা খুব উপভোগ করেছি। আপনার টাইগার উপাধি যেমন খেলাও তেমন। আবার যদি সুযোগ হয় তবে অবশ্যই আসবেন। আমি ভক্ত হয়েগেছি। শুধু আমি না সবাই আপনার খেলা দেখেছে।

সিলেটের এই ছেলে স্থানীয় ভাবে টাইগার জামিল নামে পরিচিত। বিগত মৌসুমে দুইবার চট্টগ্রাম প্রিমিয়ার লিগে মাদারবাড়ি উদয়ন সংঘের হয়ে খেলেছেন। ম্যাচ সেরাও হয়েছেন দুইবার। সিলেট প্রিমিয়ার লিগ খেলেছেন চ্যাম্পিয়ন দল সিলেট ইউনাইটেড ক্লাবের হয়ে। তিনি সিলেট জেলা ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়ও বটে।

সফর প্রসঙ্গে ডিফেন্ডার জামিল তার নিজের ফেসবুকে লেখেন, “সন্দ্বীপ বাসীর ভালোবাসায় আমরা সিক্ত, জীবনে অনেক জায়গায় খেলেছি, এত আদর-আপ্যায়ন ভালবাসা কোথাও পাইনি। মাননীয় এমপি মহোদয় জনাব মাহফুজুর রহমান মিতা উনার প্রসংশা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আমি অশেষ ধন্যবাদ জানাই Syed Sayedul Haque Suman ভাইকে, আপনার জন্য চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের সাথে পরিচয় হয়েছে। এখানকার মানুষের এত ভালবাসা পাব তা কখনো ভাবিনি। আমি এবং আমরা মুগ্ধ। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা রইলো।”