সিলেটউইটনেস (জিয়াউল হক জিয়া): সিলেটের বিয়ানীবাজারে পৌর শহরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল বিয়ানীবাজার উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ম্যাচে জিতেনি কেউ তবে জিতেগেছেন ব্যারিস্টার সুমন। দর্শকদের উপস্থিতিতে মুগ্ধ-বিমুগ্ধ তিনি।
শুক্রবার দুপুর থেকে খেলা দেখতে মাঠে আসতে শুরু করেন দর্শকরা। খেলা শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় গ্যালারি। যেনো তীল ধারণের জায়গা ছিল না। গ্যালারিতে জায়গা না পেয়ে কেউবা গাছে, কেউ বাস গাড়ির উপর কিংবা ঝুঁকি নিয়ে বিল্ডিংয়ের উপর থেকে খেলা দেখেছেন।
খেলা শুরুর প্রাক্কালে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ সাইদুৃল হক সুমন তার বক্তব্যে বিয়ানীবাজার এলাকার ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন, খেলাধুলার পাশপাশি পড়ালেখা চালিয়ে যেতে হবে। নৈতিক মূল্যবোধ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে তিনি তরুণদের প্রতি আহবান জানান। ব্যারিষ্টার সুমন বলেন, রাজনীতি, খেলাধূলা এবং ব্যক্তি জীবনে স্বচ্ছতার বিকল্প নেই। একজন স্বচ্ছ মানুষ ছোট কাজ করেও সমাজ পাল্টে দিতে পারেন।
বিয়ানীবাজার উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন আহমদ পাটোয়ারী, আবু তাহের রাজু, আশরাফুল ইসলাম ও মারুফ আহমদের সমন্বিত পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। তিনি বলেন, যুবকদের ভালো কাজের প্রতি ধাবিত করতে শেখ হাসিনার তাগিদ রয়েছে। এ ধরণের ক্রীড়ানুষ্টান আয়োজন করে যুবকদের সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ হতে শেখাতে হবে। তিনি বলেন, খেলাধুলায় আগ্রহীরা ধর্মান্ধতা ও জঙ্গিবাদ থেকে দূরে থাকে। সূতরাং তাদের এ সকল কাজে উৎসাহী করতে রাজনীতিবিদ ও সমাজকর্মীদের এগিয়ে আসার প্রেরণা দিতে হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জয়াগীরদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, এডভোকেট আব্বাছ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়, চেয়ারম্যান শিহাব উদ্দিন, চেয়ারম্যান আব্দুল মন্নান, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল হোসেন খসরু।
খেলায় ১-১গোলে ড্র করেছে দুই দল। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি (বিএসএফএ)এর এটি ৩৩তম ম্যাচ ছিল। প্রথমে স্বাগতিকরা বিদেশি খেলোয়াড় সেগুর দেয়া গোলে এগিয়ে যায়। বিরতির পর অবশ্য গোলটি পরিশোধ করেফেলে আমন্ত্রিত দল বিএসএফএ। শুভন গোল পান। বাকীটা সময় দুর্দান্ত খেললেও গোল পায়নি আর কেউ। তবে শেষের দিকে এসে স্বাগতিকরা দ্বিতীয় বারের মত বল জালে পাঠালেও অফ সাইড বিধিতে বাতিল করেন রেফারি।
শেষ অবধি সমতায় থেকেই তারা শেষ করে খেলাটি। আজ শনিবার হোম ভেন্যুতে ময়মনসিংহ দলের মুখোমুখি হবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।














