জিয়াউল হক জিয়াঃ সিলেট বিভাগের আলোড়ন সৃষ্টিকারী টুকেরবাজার ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। হাজার হাজার দর্শকের আগমনে মুখরিত হয়েছে প্রাঙ্গণ। মাঠের চারপাশ ছিল দর্শকে টুইটুম্বুর।

সিলেট-সুনামগঞ্জ সড়কে টুকেরবাজার নামক স্থানে সড়ক সংলগ্ন মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে।খেলাটির উদ্বোধন করবেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক মোঃ আবু ঈসা ও যুগ্ন আহবায়ক হাজী জালাল উদ্দীন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এনাম হোসেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবুতালেব ও সভাপতি আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকের বাজার ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, কান্দিগাঁও ইউ/পি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি একেএম তারেক কালাম, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও রেফারী মিল্লাত আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, শিল্পপতি রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, বাসসের চীফ ব্যুরো মকসুদ আহমদ মকসুদ, ইউ/পি সদস্য এনামুল হোসেন, ইউ/পি সদস্য আব্দুল মালেক, ইউ/পি সদস্য গিয়াস উদ্দীন, টুর্নামেন্টে ১ম পুরুস্কার দাতা আলহাজ্ব ইমাম উদ্দিন ও নুরুল হক প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এমআরজি কিংস সিলেট সিটি দল এবং স্কাই স্টার ফুটবল একাদশ সাদিপুর। দুই অর্ধ মিলিয়ে ৩-১গোলের ব্যবধানে জিতেছে এমআরজি কিংস।

খেলার প্রথমার্ধেই ২-০তে লিড পেয়ে যায় বিজয়ীরা। প্রথমে গোল করেন মনসুর, পরে গৌস। বিরতির পর একটি গোল পরিশোধ করে ব্যবধান কমায় প্রতিপক্ষ, গোলটি করে নিশাত। লড়াকু ম্যাচটিতে সমতা ফেরার স্বপ্ন ভাঙ্গেন রাসেল। রাইট উইন থেকে ক্রস আসা বলে মাথা লাগিয়ে বল জালে জড়ালে ৩-১ব্যবধান পেয়ে যায় দল।

মাঠের হিসেব থেকে এইবারের আয়োজন ১৫তম। ৮০ দশক থেকে এখানে বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে ফুটবল খেলার আয়োজন করে আসছে। এমনকি ২০০৯-১০ সনে প্রথম বারের মত আয়োজিত সিলেট সদর উপজেলা আন্তঃইউনিয়ন ফুটবল এখান থেকেই শুরু হয়েছিল।

বিগত ২০১৫সন থেকে টুকেরবাজারের বৃহত্তর সংগঠন ৯টি গ্রাম সমন্বয়ে “টুকেরবাজার নয় গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ” এই মাঠে খেলা পরিচালনা করে আসছে।তারই ধারাবাহিকতায় আজ উদ্বোধন করা হয় টুর্ণামেন্টটির। ৩২টি দল এবারও অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১টি গ্লামার মোটর সাইকেল, রানারআপ দল ১টি দেড়ভরি ওজনের গোল্ডকাপ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে টেলিভিশন পুরস্কার তুলে দেন পুরস্কারদাতা রাজা মিয়া সহ অতিথিবৃন্দ। ম্যাচ সেরা হয় মনসুর। খেলাটি পরিচালনা করেন রেফারি সিহাব উদ্দিন, সালাউদ্দিন রাজু ও তাওহীদ আহমদ। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, জুয়েল আহমদ ও আব্দুল কাদির সুজন।