সিলেটউইটনেস (জিয়াউল হক জিয়া):: খুলনা বিভাগের কুষ্টিয়ার মেহেরপুর সফরে একটিতে জয় ও একটিতে ড্র করেছে সিলেটের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।

কুষ্টিয়ার জাহানারা ল্যাব এন্ড নার্সিং হোমের ব্যবস্থাপক ডাক্তার মেহেদী হাসান লিটনের আমন্ত্রণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি নিজেদের চলতি বছরের ২৮ ও ২৯তম ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সেখানে গিয়েছিল। দুটি ম্যাচই স্থানীয় আমঝুপি হাইস্কুল পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০নভেম্বর) প্রথম ম্যাচে স্বাগতিক আমঝুপি পাবলিক লাইব্রেরি ক্লাব দলের মুখোমুখি হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তুমুল উত্তেজনাপূর্ণা ম্যাচটি ২-২গোলে ড্র হয়। তবে শেষ মুহূর্তে ঘটে দারুণ নাটকীয় ঘটনা।

খেলার প্রথমার্ধে ১-০তে এগিয়ে ছিল স্বাগতিকেরা। বিরতির পর আবারও লিড বাড়িয়ে দেয় তারা। ম্যাচে তখন ২-০গোলের ব্যবধান। গোল দুটি করেন সেলিম। এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় সফরকারী ব্যারিস্টার সুমন একাডেমি। এক এক করে দুটি গোলই পরিশোধ করে তারা। শুভন ও দেলোয়ার গোল পান। জয় সূচক তৃতীয় গোলটিও চলে এসেছিল যদি না ব্যারিস্টার সুমনের গোলটি অফসাইড বিধিতে বাতিল না হত। তবে শেষের দিকে ঘটে মজার ঘটনা। ম্যাচে সমতা আসার সাথে সাথে উৎসুক জনতা মাঠে প্রবেশ করেফেলে। যার কারণে শেষের ৫-৬মিনিট মাঠে আর ফুটবল গড়ায়নি।

দ্বিতীয় দিন একই মাঠে তারা মুখোমুখি হয় চুয়াডাঙ্গা শেখ রাসেল দলের সাথে। এই দিনও খেলার প্রথমার্ধে ১-০গোলে পিছিয়ে পড়েছিল সিলেটের ব্যারিস্টার সুমন দলটি। তবে বিরতির পর ম্যাচে ফিরে আসে তারা। প্রথমে গোল পরিশোধ করেন শুভন। পরবর্তীতে জয়সূচক গোলটি আসে উমরানের কাছ থেকে। ফলাফল ২-১।

একটি ড্র আর একটি জয় পাওয়ায় উজ্জীবিত ব্যারিস্টার সুমন শিবির। পাশাপাশি মেহেরপুরের ভালবাসায়ও সিক্ত হয়েছে পুরো টিমের সবাই। এমন অনুভূতি প্রকাশ করেছেন একাডেমির নিয়মিত ফুটবলার জামিল আহমদ।