ডিফেন্ডার চমকে সিলেট সদরের সাথে ড্র ব্যারিস্টার সুমন একাডেমির
সিলেটউইটনেস (জিয়াউল হক জিয়া): ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি (বিএসএফএ) চুনারুঘাট দল ৩৮তম প্রীতি ম্যাচটি খেলেছে সিলেট জেলার সদর উপজেলায় ‘সিলেট সদর স্পোর্টস একাডেমি (সোসাস)’র সাথে। শুক্রবার ২৫ডিসেম্বর ছালিয়াস্থ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ২-২গোলে অমিমাংসিত থাকে। খেলার প্রথমার্ধে গোল পায়নি কেউই। তবে চারটি গোলের দেখা মিলেছে দ্বিতীয় অর্ধে। কর্ণার কিকের সুবাদে জটলার মধ্য থেকে হেড করে বিএসএফএ’র হয়ে লিড এনে দেন ডিফেন্ডার দেলোয়ার। তার মিনিট দশেক পর আচমকা আক্রমণ থেকে দৃষ্টি নন্দন দূরপাল্লার আড়াআড়ি শুটে স্বাগতিকদের সমতায় ফেরান মিডফিল্ডার রাকিব আলী। এক পর্যায় ধরে নেয়া হয়েছিল হয়তো ম্যাচটি এভাবেই শেষ হচ্ছে।

কিন্তু তা আর হতে দেয়নি আরেক মিডফিল্ডার এমদাদ। গোল এরিয়া থেকে গ্রাউন্ড শুটটি প্রতিপক্ষের জালে আশ্রয় নেয়। যারফলে ২-১ গোলে লিড পেয়ে যায় স্বাগতিক সোসাস। অনেকটা নিশ্চিত জয়ের দিকেই এগুচ্ছিল টাইগার জামিলের দল সোসাস। কিন্তু শেষের দিকে এসে আবারো জটলার মধ্য থেকে গোল করেন ডিফেন্ডার দেলোয়ার। ফলাফল দাঁড়ায় ২-২। শুধুমাত্র সিলেট সদরের ছেলেদের নিয়ে গড়া দলের এমন পারফর্মেন্সে যথেষ্ট খুশি কোচ লায়েক আহমদও।

খেলাটি পরিচালনা করেন জাতীয় রেফারি আব্দুল বাসিত, ইমরান চৌধুরী ইমন, সালাউদ্দিন রাজু ও তাওহীদ আহমদ। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, অকিল উদ্দিন ও আলী হোসেন রানা।

খেলাটি সরাসরি সম্প্রচার করে অন লাইন নিউজ পোর্টাল Sylhet witness এর অফিসিয়াল ফেসবুক পেইজ।